কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে দুই বোন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও সুলতানা মাসুমা মিম (২৩)। তারা কাঁঠাল কান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে।
গুরুতর আহত মা হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের বোন আরমিন আক্তার জানান, তারা ৬ বোন, ভাই নেই। ভাই না থাকায় বাবার সঙ্গে ৬ বোন জমিজমা চাষ করে সংসার চালান। আজ মঙ্গলবার বিকেলে ধানি জমি চাষ করতে গেলে তাদের আপন চাচা মাসুক মিয়া তাতে আপত্তি জানান। তখন কথা-কাটাকাটির এক পর্যায়ে মাসুক মিয়া ও তার ছেলে, স্ত্রী ঘর থেকে দেশীয় অস্ত্র দা নিয়ে হামলা চালান। তাদের পেছন থেকে কোপাতে থাকেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই সামিমা সুলতানা (২৪) ও মিম সুলতানা (২৩) নিহত হন। আহত হন মা হাজিরা বেগম।
পরে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন এবং আহত হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাজেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। সুরতহাল তৈরি করে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
