ফেঞ্চুগঞ্জে সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন বিএনপি নেতা

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৪ জুন ২০২৬

আব্দুল্লা আল নোমান: সিলেটের ফেঞ্চুগঞ্জে চানপুর বাজারে দলীয় প্রভাব খাটিয়ে সড়কের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন রুহেল। ঘটনাটি দেখেও প্রভাবশালী ওই বিএনপি নেতার ভয়ে নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে না কেউ। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব আর অন্যদিকে বিঘ্নিত হচ্ছে সিলেট- বালাগঞ্জ ও মল্লিকপুর- মীরগঞ্জ যান চলাচল।

জানা যায়, গত কয়েক মাস ধরে চানপুর সড়কটির পাশে বিভিন্ন সময় অবৈধ দোকান পাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বসবাস করে আসছেন স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা এনায়েত হোসেন রুহেল ও তাঁর  অনুসারীরা । বিভিন্ন সময়ে সড়ক ও জনপথ অধিদফতর এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনাগুলো ভেঙ্গে দিলেও কিছুদিন না যেতেই অবৈধ দখলদাররা ফের অবৈধ স্থাপনা গড়ে তোলে। এ ছাড়াও সড়ক ও জনপদের জায়গার উপর রয়েছে ইট পাথর কয়লার মজুদ। আর এসব অবৈধ ও অপরিকল্পিত নির্মানের কারনে চানপুর – মল্লিকপুর সড়কে বারো মাসই জলাবদ্ধতা হয়ে থাকে। যে কারনে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচল কষ্টকর হয়ে উঠেছে।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেন, জমিটি সড়ক বিভাগের। এটি তদারকি ও রক্ষনাবেক্ষণের দায়িত্বও তাদের। সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে বলে তাদের পক্ষ থেকে কেউ এখনো আমাকে অবহিত করেনি। অবৈধ স্থাপনার নির্মাণ ঠেকাতে তারা যদি স্থানীয় প্রশাসনের সহযোগীতা চায় তবে অবশ্যই আমরা তাদেরকে সহযোগীতা দেব।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, সড়কের জমি দখল করে স্থাপনা নির্মাণের কোন তথ্য আমার জানা নেই। এখন আপনার মাধ্যমে জানলাম। আমরা খোঁজখবর নিয়ে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন