স্টাফ রিপোর্টার: গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার জন।
বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান।
ডা. আনিসুর রহমান জানান, গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও একজনের (পুরুষ) শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক পরিস্থিতি অবনতিতে নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হলে তিনি করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তিকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে করোনার প্রকোপ বৃদ্ধিতে সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সতর্ক হবার পরামর্শ দিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।
জানা যায়, নতুন করে সনাক্তে এখন পর্যন্ত সিলেটে চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও একজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।
