আব্দুল্লা আল নোমান: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন ও তাঁর অনুসারীরা ফেঞ্চুগঞ্জ বাজার ও দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের ব্যবসায়ীদের কাছে বড় অংকের চাঁদা দাবি করে আসছেন। ব্যবসায়ীরা চাঁদা না দিলে তাদের মারধর করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, চাঁদা না দেওয়ায় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পুলিশের নিষ্ক্রিয়তা এই অপরাধীদের আরও উৎসাহিত করছে। তারা প্রশাসনের কাছ থেকে দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার চেয়েছেন।
ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ওয়াল্টন শো-রুমের মালিক রফিক উদ্দিন মুঠোফোনে বলেন, বিএনপি নেতা এমরান উদ্দিন আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। আমি চাঁদা দিতে পারবো না বললে দোকান ভাঙচুরের হুমকি দেন।
এদিকে গত রোববার (৫ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় বাজারের কয়েকজন ব্যবসায়ীরা বিএনপি নেতা এমরান উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে গেলে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ কোন অভিযোগ নেয়নি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী অন্যায়কারী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সহায়তার সুযোগ নেই। ওসি সাহেবকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান থানায় অভিযোগ না নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ব্যবসায়ী কেউ অভিযোগ দিতে আসেননি। চাঁদা দাবির বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, সত্যতা পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
