ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে ইংল্যান্ড প্রবাসী ছাত্রলীগ কর্মী মো. আতিকুল ইসলামের বাড়ীতে হামলা ও ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার মাইজগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রবাসী আতিকুল ইসলামের ছোট ভাই আমিনুল ইসলাম আরিখ বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বিএনপির কর্মী আমাদের বাড়ীতে এসে অতর্কিত হামলা, ভাঙচুর ও আমাকে মারধর করে। তিনি বলেন, আমার ইংল্যান্ড প্রবাসী বড়ভাই (আতিক) দেশে থাকতে ছাত্রলীগের কর্মী ছিলেন, এই অপরাধে গতকাল বিএনপির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।
আমিনুল ইসলাম আরিখ আরও বলেন, আমি ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। যার কারণে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার ঘটনা আমরা জেনেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
