ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের অভিযান, ২৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৪:১৯ এএম, ২১ মে ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর, শেরপুর, হাইওয়ে ইন এবং মাধবপুর এলাকায় হাইওয়ে পুলিশের উদ্যোগে এক বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৭ মে) দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউর করিম।

অভিযানের অংশ হিসেবে মোট ২৭টি ট্রাক, বাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। যানবাহনের কাগজপত্র যাচাই করে যেসব যানবাহনের বৈধ ডকুমেন্ট ছিল না সেগুলো জব্দ করা হয়।

পুলিশ সুপার মোঃ রেজাউর করিম বলেন, আসন্ন ঈদুল আযহা” মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ। প্রতিদিন অসংখ্য মানুষ এই মহাসড়ক ব্যবহার করে, তাই সবার জীবনের নিরাপত্তা এবং শৃঙ্খলিত চলাচল নিশ্চিত করতেই আমরা এ অভিযান পরিচালনা করছি। অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনগুলোর চলাচল নিয়ন্ত্রণে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যেসব চালক বা মালিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কেউ যদি পরবর্তীতে সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাদের জব্দকৃত যানবাহন ফেরত দেওয়া হবে।

আমাদের এই অভিযান একদিনের জন্য নয়, এটি চলমান থাকবে। হাইওয়ে পুলিশ চায় মহাসড়কে শুধু নিয়ম মেনে চলা যানবাহন চলুক। আমরা সবাইকে সচেতন থাকতে বলছি এবং অনুরোধ করছি যেন ড্রাইভাররা ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে রাখেন। নিরাপদ সড়ক গড়তে হলে সকলের সহযোগিতাই জরুরি।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান এবং হাইওয়ে পুলিশের পরিদর্শক সুমন কুমার চৌধুরী।

হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে মহাসড়কের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন