সিলেটের সাবেক মেয়র কামরানের নাতির বাসায় হামলার অভিযোগ

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার:  সিলেটে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরানের ভাতিজা আকরাম আহমদ গ্রেপ্তারের ঘটনার তিন দিন পর এবার  নগরীতে তার নাতি ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুর রিফাতের বাসায় হামলার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে  সিলেট নগরীর ৯১ রাজাগল্লি এলাকায়  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়,  আব্দুর রিফাত ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরানের নাতি হওয়ায় এলাকায় তার পরিচিতি ছিল। এই রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণেই তিনি বিরোধী রাজনৈতিক বলয়ের একটি অংশের শত্রুতার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , আকরাম আহমদ গ্রেপ্তারের পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে আব্দুর রিফাতের বাসায় হামলা চালানো হয়। হামলার সময় বাড়ির গেট, জানালা ও অন্যান্য অংশে ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের হামলা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জি.এম হামিদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

আরও পড়ুন