সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সিলেট প্রতিনিধি: সিলেটে এক ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ঐ যুবকের নাম কাজী নাজমুল কবির নিরব (১৯)। আহত এই ছাত্রলীগ কর্মীর বাড়ী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়।

বিশেষ সূত্রে জানা যায়, তার পিতা রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী মো: জামশেদ কবির বাক্কি বিল্লাহ। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই কিছুদিন ধরে কাজী নিরব সিলেটে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেট নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫/৬ জন দুর্বৃত্ত হঠাৎ পেছন থেকে কাজী নিরবকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেন।

এ ব্যাপারে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, নিরবের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত তাঁর বাবা কাজী বাক্কি বিল্লাহ প্রতিনিধির কাছে ফোনে অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমার ছেলেকে তারা হত্যা করতে চেয়েছিলো। সরকার পতনের পর “৫ আগস্টের পর থেকেই আমার পরিবারের ওপর ভয়াবহ নির্যাতন নেমে এসেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এখন আমার ছেলেকে হত্যার চেষ্টা চলছে। এই হামলা রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত প্রতিশোধ ছাড়া আর কিছু নয়।”

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি বলেন এ ঘটনার কোন অভিযোগ আমরা পাইনি। কেউ যদি অভিযোগ করে তবে অবশ্যই আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর উপশহর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও এখনো কোনো মামলা হয়নি। কাজী নিরব বর্তমানে কোথায় অবস্থান করছেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন