ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আলমগীরের (২৪) ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দয়ামীর বাজারে এ ঘটনা ঘটে। হামলা ছাত্রদল নেতা আলমগীর গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আলমগীর উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামের মৃত সিতাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার প্রতিদিনের মত আলমগীর বাজার করে বাড়ী ফেরার পথে স্থানীয় দয়ামীর বাজারে ১৫/১৬ জন ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এতে আলমগীর মাথায়, হাটুতে, ডান পা ও দুই হাতে আঘাত পান। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আলমগীরের চাচা মো: ইয়াকুত আলী বলেন, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতা সুজন,রাসেল, রুবেল, নাইম,টুলটুল দেব, হাম্মদ, সেলিম,শিপন এরা সবাই মিলে আমার ভাতিজার উপর অতর্কিত হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্য এই হামলা করে। পরে আমরা থানায় অভিযোগ করতে গেলে ওসমানীনগর থানা পুলিশ কোন অভিযোগ নেয়নি।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মইন উদ্দিন বলেন, এ ধরণের কোন অভিযোগ আমার কাছে আসেনি। আসলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
