এসআই আকবরের দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন পুলিশ কমিশনার

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন—এমন গুঞ্জন সম্প্রতি জোরালো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় এবং বুধবার (৩ সেপ্টেম্বর) মামলার শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ায় এ গুঞ্জন আরও তীব্র হয়।

 

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বন্দরবাজার ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

 

স্পষ্ট ভাষায় তিনি বলেন—‘অপরাধী অপরাধীই, সে পুলিশ হোক বা সাধারণ মানুষ হোক, আইনের চোখে সবাই সমান। কারো ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান বহন করবে না।’

 

তিনি বলেন, ‘আকবরের কর্মকাণ্ড শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। তাই তাকে গ্রেপ্তারের উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করেছে পুলিশ।’ গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য বা ছাড় দেওয়া হবে না বলেও কমিশনার দৃঢ়ভাবে উল্লেখ করেন।

বন্দরবাজার ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরের কেন্দ্রস্থলে অবস্থিত এই ফাঁড়ি আধুনিকীকরণের মাধ্যমে অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বেগবান হবে।’

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও পড়ুন