শান্তিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশুদ্ধ পানি, ভোগান্তি

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০২ জুন ২০২৫

শান্তিগঞ্জ প্রতিনিধি: দুইবছর ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা। হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগী ও স্বজনদের পান করতে হচ্ছে। আর্থিক সংকটে জর্জরিত অসহায় ও হতদরিদ্র রোগীরা এতে ভোগান্তির শিকার হচ্ছেন।

শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নলকূপ বিকল হওয়ায় এবং মেরামতের অভাবে পানি সংকট দেখা দিয়েছে। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়েই প্রায় অর্ধ কিলোমিটার পথ হেঁটে শান্তিগঞ্জ বাজার থেকে মিনারেল ওয়াটার ও আশপাশের বসত বাড়ির নলকূপের পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে কারণে অনেক রোগী বাথরুমের ট্যাপ ও হাত ধোয়ার বেসিন থেকে নোংরা পানি পান করছেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকেন এবং দুই থেকে আড়াইশ’ রোগী আউটডোরে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতালে রয়েছে মাত্র ১টি নলকূপ।  তাও আবার বিকল হয়ে আছে। মেরামত করতে উদ্যোগও নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে একটি সাবমার্সিবল গভীর নলকূপ রয়েছে।  নলকূপের সাথে একটি পানির ট্যাংকিও রয়েছে।  পানির ট্যাংকির পাশে ৪টি পানির টেপ চুরি হওয়ায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মেরামতের উদ্যোগের অভাবে নষ্ট অবস্থায় পড়ে রয়েছে।  একারণে অধিকাংশ রোগীর জন্য আশপাশের বসত বাড়ির টিউবওয়েল থেকে পানি সরবরাহ করছেন রোগীর স্বজনরা। সামর্থ্যবানরা বাজার থেকে বোতলজাত পানি কিনে খাচ্ছেন। অন্যদিকে অসচেতন রোগী ও তাদের স্বজনরা টয়লেটের পানির ট্যাপ থেকে ময়লা পানি পান করছেন। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন তারা।

আক্তাপাড়া গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আলী আমজদ বলেন, হাসপাতালে খাবার পানির কোনো ব্যবস্থা নেই, বাইরের দোকান থেকে পানি আনতে হয়। আশপাশে নলকূপ নাই, তবে অধিকাংশ রোগীরা বাথরুমের ট্যাপ ও হাত ধোয়ার বেসিন থেকে প্লাস্টিকের বোতলে করে পানি নিয়ে পান করছেন।

 

হাসপাতালে থাকা রোগীর স্বজনরা জানান, শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালের পাইপ লাইনে যে পানি আসছে, তাতে ময়লা থাকায় পান করার অযোগ্য। দীর্ঘদিন হলেও পানির ট্যাংকি পরিস্কার করা যাচ্ছে না।  তবে, সে পানি দিয়ে ধোয়া—মোছার কাজ করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, একটি নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় এই ভোগান্তি সৃষ্টি হয়েছে। নতুন নলকূপের জন্য আবেদন করেছি, কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবো।

সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, আপনার মাধ্যমে পানি সমস্যার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সেবা নিতে আসা রোগীরা বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন, এটা খুবই দুঃখজনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারকে বলবো, তিনি যেন দ্রুত বিষয়টি সমাধান করে চিকিৎসা নিতে আসা রোগীদের সুপেয় পানির ব্যবস্থা করেন।

আরও পড়ুন